উপদেষ্টা রেহান আসিফ

শীর্ষ ১০ ডিজিটাল অর্থনীতির দেশের তালিকায় থাকার লক্ষ্যে কাজ চলছে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১৭, ২০২৬, ১২:০৩ পিএম
শীর্ষ ১০ ডিজিটাল অর্থনীতির দেশের তালিকায় থাকার লক্ষ্যে কাজ চলছে

আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশকে বিশ্বের শীর্ষ ১০ ডিজিটাল অর্থনীতির দেশের মধ্যে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

রোববার বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা রেহান আসিফ বলেন, এই লক্ষ্য অর্জন কঠিন হলেও অসম্ভব নয়। সরকার এ উদ্দেশ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে এবং ধাপে ধাপে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন করা হচ্ছে।

উপদেষ্টা আরও জানান, দেশে আসন্ন ৫জি সেবা চালুর প্রস্তুতির অংশ হিসেবে আগামী পাঁচ বছরের মধ্যে একটি শক্তিশালী ফাইবার অপটিক নেটওয়ার্ক গড়ে তোলা হবে। পাশাপাশি টেলিকম খাতে করহার কমানোর বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে বিনিয়োগ ও সেবা সম্প্রসারণ সহজ হয়।

এছাড়া তিনি বলেন, আগামী দুই বছরের মধ্যে দেশের সব নাগরিকের জন্য ডিজিটাল আইডি ও ডিজিটাল ওয়ালেট চালুর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে লেনদেন সহজ হবে এবং দেশের ডিজিটাল অর্থনীতির গতি আরও বাড়বে।

এম জি