পবিত্র ঈদুল আজহা সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থের প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পরিবারের খরচ ও ঈদের প্রস্তুতি ঘিরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বৈধ পথে বেশি রেমিট্যান্স আসছে। এতে চলতি মে মাসে দেশের রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা বজায় রয়েছে।
চলতি মে মাসের প্রথম ২০ দিনে দেশে এসেছে ২৬২ কোটি ডলারের বেশি রেমিট্যান্স, যা টাকার হিসাবে প্রায় ৩২ হাজার ১৮৫ কোটি টাকা। এ হিসেবে প্রতিদিন গড়ে ১ হাজার ৬০০ কোটি টাকার বেশি রেমিট্যান্স আসছে, যা অর্থনীতিতে স্বস্তি দিচ্ছে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২০ মে পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১৯৫ কোটি ৫০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, হুন্ডি প্রতিরোধে সরকারের কঠোর নজরদারি, বৈধ চ্যানেলে প্রণোদনা সুবিধা এবং ব্যাংকিং সেবার উন্নতির কারণে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। ঈদকে কেন্দ্র করে মে মাসের বাকি সময়েও এই ধারা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
মাসভিত্তিক হিসাবে দেখা যায়, জুলাইয়ে এসেছে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৫ লাখ, অক্টোবরে ২৫৬ কোটি ২৪ লাখ এবং নভেম্বরে ২৮৮ কোটি ৯৭ লাখ ডলার।
এছাড়া ডিসেম্বরে আসে ৩২২ কোটি ৩৬ লাখ ডলার, জানুয়ারিতে ৩১৭ কোটি ১৬ লাখ, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি, মার্চে ৩৭৫ কোটি ২২ লাখ এবং এপ্রিলে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার রেমিট্যান্স।
অর্থনীতিবিদদের মতে, বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে চলতি মে মাসে রেমিট্যান্স নতুন রেকর্ড গড়তে পারে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরও শক্তিশালী করবে এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন