দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আরও বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১ জুন পর্যন্ত দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৭৬৬ দশমিক ৯৯ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ৩৪ দশমিক ৭৬ বিলিয়ন ডলারের সমান।
সোমবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে দেশের রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ৩০ হাজার ১০৭ দশমিক ৬১ মিলিয়ন মার্কিন ডলার।
এর আগে ২৩ মে দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৪ হাজার ৫৬৯ দশমিক ৩৮ মিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ২৯ হাজার ৯১২ দশমিক ৩৯ মিলিয়ন ডলার। ফলে গত কয়েক দিনের ব্যবধানে রিজার্ভে ইতিবাচক অগ্রগতি দেখা গেছে।
উল্লেখ্য, আইএমএফের বিপিএম-৬ মানদণ্ড অনুযায়ী নিট বা প্রকৃত রিজার্ভ নির্ধারণ করা হয়। এ ক্ষেত্রে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিয়ে নিট রিজার্ভের পরিমাণ হিসাব করা হয়।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন