দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। ফলে ভ্যাটসহ এখন প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।
সোমবার (১৩ জুলাই) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সংগঠনটি জানিয়েছে, নতুন মূল্য তালিকা সোমবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
বাজুসের ভাষ্য, আন্তর্জাতিক বাজার ও তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় দেশের বাজারেও স্বর্ণের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হবে ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকায়। আর সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির মূল্য রাখা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।
বাজুস আরও জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও কারুকাজ অনুযায়ী মজুরি পৃথকভাবে নির্ধারিত হবে। এছাড়া স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে। ফলে গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। অলঙ্কার এক্সচেঞ্জ বা পারচেজের ক্ষেত্রেও প্রচলিত নিয়ম অনুযায়ী ভ্যাট, মজুরি এবং পাথরের মূল্য সমন্বয় করা হবে।
এর আগে গত ১০ জুলাই বাজুস প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করেছিল। তখন ২১ ক্যারেটের প্রতি ভরি ছিল ২ লাখ ১৪ হাজার ৯২ টাকা, ১৮ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৮৩ হাজার ৮৮২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
চলতি বছরে এ পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৯০ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৪ বার দাম বেড়েছে, ৪৫ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছিল। সে সময় ৬৪ বার দাম বৃদ্ধি এবং ২৯ বার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন