দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ১০:৪৭ এএম
দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম

দেশের বাজারে সোনার দাম আরেক দফা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ৭৪১ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

বুধবার সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস এই তথ্য নিশ্চিত করে। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ভ্যাটসহ সোনার নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম বহাল থাকবে। অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়মই বহাল থাকবে।

এর আগে, সবশেষ গত ২১ জুলাই সোনার দাম সমন্বয় করা হয়েছিল। সেদিন ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছিল। চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৪৫ বার দাম বাড়ানো হয়েছে এবং ৪৭ বার কমানো হয়েছে।

সোনার দাম বৃদ্ধির পাশাপাশি দেশের বাজারে রুপার দামও বাড়ানো হয়েছে। ভরিতে ১৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপা এখন বিক্রি হচ্ছে ৪ হাজার ৭৮২ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৫৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার৯৭৪ টাকায় বেচাকেনা হচ্ছে। চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৫৭ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ২৯ বার দাম বাড়ানো হয়েছে।

জেএইচআর