চলতি জুলাই মাসের প্রথম ২৫ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২২৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। বর্তমান বিনিময় হার অনুযায়ী, যার পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ হাজার ৪৭ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় এ সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ২০ দশমিক ৬ শতাংশ।
চলতি বছরের জুলাই মাসে প্রবাসী আয় প্রবাহ ইতিবাচক ধারায় রয়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, ২৫ জুলাই পর্যন্ত দেশে মোট ২২৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। প্রতি মার্কিন ডলারের বিনিময় মূল্য ১২২ টাকা হিসেবে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২৮ হাজার ৪৭ কোটি টাকা।
রোববার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, ২২ থেকে ২৫ জুলাই পর্যন্ত মাত্র চার দিনে দেশে এসেছে ১২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এর ফলে মাসের প্রথম ২৫ দিনের মোট প্রবাসী আয় ২২৯ কোটি ৯০ লাখ ডলারে পৌঁছেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত বছরের একই সময় প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ১৯০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। সেই হিসাবে চলতি বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ২০ দশমিক ৬ শতাংশ, যা বৈদেশিক মুদ্রা অর্জনে ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে।
এর আগে ২২ জুলাই পর্যন্ত দেশে এসেছিল ২১৭ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স। সে সময় প্রতি ডলার ১২২ টাকা হিসেবে এর পরিমাণ ছিল প্রায় ২৬ হাজার ৪৭৪ কোটি টাকা। পরবর্তী কয়েক দিনে আরও ১২ কোটি ৯০ লাখ ডলার যুক্ত হওয়ায় ২৫ জুলাই শেষে মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২২৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ২৮ হাজার ৪৭ কোটি টাকার সমপরিমাণ।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন