ঢাবিতে ‘উন্নয়নের জন্য রাজস্ব’ শীর্ষক বক্তৃতা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৩, ১০:০৯ এএম
ঢাবিতে ‘উন্নয়নের জন্য রাজস্ব’ শীর্ষক বক্তৃতা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘উন্নয়নের জন্য রাজস্ব’ শীর্ষক এক বিশেষ বক্তৃতা বুধবার (২৯ নভেম্বর) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা

মো. রহমাতুল মুনিম অনুষ্ঠানে বিশেষ বক্তৃতা প্রদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া স্বাগত বক্তব্য দেন। কর অঞ্চল ঢাকা-১১ এর কর কমিশনার রওনক আফরোজ এসময় উপস্থিত ছিলেন। রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার অনুষ্ঠান সঞ্চালন করেন।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল কর প্রদান কার্যক্রমকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করার ক্ষেত্রে কার্যকর উদ্যোগ গ্রহণের উপর গুরুত্বারোপ করে বলেন, "একাজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পৃক্ত করা যেতে পারে। সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে অর্থ সহায়তা প্রদানের জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

‘উন্নয়নের জন্য রাজস্ব’ শীর্ষক বিশেষ বক্তৃতা প্রদানের জন্য আবু হেনা মো. রহমাতুল মুনিমকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই বক্তৃতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপকৃত হবেন।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম নিয়মিত কর প্রদান বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে বলেন, "দেশের সার্বিক উন্নয়নে জনগনের মাঝে কর প্রদানের মানসিকতা গড়ে তুলতে হবে।’

এআরএস