তিন শিক্ষার্থী পেলেন আলী রিয়াজ গবেষণা বৃত্তি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৪, ০৬:১৪ পিএম
তিন শিক্ষার্থী পেলেন আলী রিয়াজ গবেষণা বৃত্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তরের তিন শিক্ষার্থী পেলেন আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা বৃত্তি ও পুরস্কার।

বুধবার (২৪ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মোজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে এ পুরস্কার ও বৃত্তি প্রদান অনুষ্ঠান হয়।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তর ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তামারা ইয়াসমিন তমা।আর গবেষণায় বৃত্তিপ্রাপ্তরা হলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তর ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অর্থী নবনীতা ও একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নাসিমুল হুদা।

অনুষ্ঠানে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল মনসুর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রুবায়েত ফেরদৌস, আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা বৃত্তির ট্রাস্টি সফরুন আরা। আর অনলাইন মাধ্যমে যুক্ত ছিলেন ড. আলী রীয়াজ। এছাড়া সাংবাদিকতা বিভাগের সব শিক্ষক ও শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সমপরিমাণ অর্থের চেক তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য মাকসুদ কামাল বলেন, একদিকে আলী রীয়াজ গুড গভার্ন্যান্সের জন্য নিয়মিত লিখে যাচ্ছেন। তার লেখা আমরা নিয়মিত বিভিন্ন জার্নালে পড়ে থাকি। একই সঙ্গে তিনি তার বিশ্ববিদ্যালয়ের কথাও ভুলে যাননি। একজন শিক্ষক হয়ে শিক্ষার্থীদের গবেষণায় বৃত্তি দিয়ে উৎসাহ দেওয়ার যে চেষ্টা তিনি করে যাচ্ছেন তাতে আমরা তাকে ধন্যবাদ জানাই। আমরা গবেষণা এনভায়রনমেন্ট পরিবর্তনের চেষ্টা করছি।

ডিপার্টমেন্টগুলোকে মাস্টার্স পর্যায়ে থিসিস চালু করার কথা বলেছি। এমন বৃত্তি শিক্ষার্থীদের গবেষণায় আরও বেশি আগ্রহী করে তুলবে। আমার প্রস্তাব থাকবে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য পাশাপাশি একটি সার্টিফিকেটের ব্যবস্থা করা।

অনলাইনে যুক্ত থেকে আলী রীয়াজ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ট্রাস্ট গঠনের লক্ষ্য হলো বিভাগের শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ করা। যারা আজকে বৃত্তি পেয়েছেন সবাইকে শুভেচ্ছা। আগামীতে সবার সঙ্গে দেখা হবে সেই প্রত্যাশা।

সভাপতির বক্তব্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল মনসুর আহমেদ বলেন, পুরো ট্রাস্ট ফান্ড গঠনের প্রক্রিয়ায় আমি চেয়ারম্যান হিসেবে আলী রীয়াজ স্যারের সঙ্গে যোগাযোগ করেছি। আশা করি গবেষণায় স্যারের এই উদ্যোগ শিক্ষার্থীদের আরও বেশি উদ্বুদ্ধ করবে।

আরএস