গুচ্ছে ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০১:১৪ পিএম
গুচ্ছে ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত

দেশব্যাপী চলমান দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২১ জুলাই পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তি কার্যক্রম সম্পন্ন করার সুযোগ পাবেন।

শনিবার (১৯ জুলাই) বিকেলে গুচ্ছ ভর্তি কমিটির জরুরি ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

সভায় জানানো হয়, দেশের বিভিন্ন এলাকায় বিরূপ আবহাওয়ার কারণে অনেক শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে পারেননি। শিক্ষার্থীদের এ বাস্তবতা বিবেচনায় নিয়ে ভর্তি কার্যক্রমের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গুচ্ছ ভর্তি কমিটির তথ্য অনুযায়ী, বর্তমানে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোতে মোট ৪২০টি আসন শূন্য রয়েছে। এর মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সর্বাধিক আসন খালি আছে। এসব শূন্য আসন ও শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় রেখেই সময় বাড়ানো হয়েছে বলে জানানো হয়।

এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক জানান, বিশ্ববিদ্যালয়টিতে এখনো ৩৬টি আসন ফাঁকা রয়েছে। এর মধ্যে ৩৫টি মেধা কোটার এবং একটি কোটাভিত্তিক আসন।

ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বর্ধিত সময়সীমার মধ্যে প্রার্থীরা নির্ধারিত নিয়ম অনুসরণ করে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে চূড়ান্ত ভর্তি নিশ্চিত করতে পারবেন।

এম জি