বিজয় কনসার্টের সুযোগে বেরোবিতে মাদক সেবন, আটক ৩

বেরোবি প্রতিনিধি: প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৪, ০১:২৭ পিএম
বিজয় কনসার্টের সুযোগে বেরোবিতে মাদক সেবন, আটক ৩

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি)মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে কনসার্ট চলাকালে ক্যাম্পাস থেকে গাজা সেবন করার সময় তিন জনকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে পুলিশের হাতে তাদের সোপর্দ করা হয়।

সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে কনসার্ট অনুষ্ঠিত হয়েছে । কনসার্টে বাংলা রক ব্যান্ড ’আভাস’ এর সঙ্গীত শিল্পী ও বেরোবি লোক সংগীত ব্যান্ড ‘টঙ্গের গান’ এর সঙ্গীত শিল্পীরা সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠান চলাকালে দর্শক সারির কয়েক জায়গায় বহিরাগত যুবকরা গাজা সেবন করতে থাকে ও বিশৃঙ্খলা করার চেষ্টা করে। তাদের আটক করা হয়। এছাড়া অনুষ্ঠান চলাকালে ক্যাম্পাসের বিভিন্ন জায়গা থেকে আরও কয়েকজন বহিগারত যুবককে মাদক সেবন কালে আটক করে বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়। এরমধ্যে তিনজনকে অভিযুক্ত করে থানায় পাঠানো হয়। বাকিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

এদিকে বিজয় দিবসে ক্যাম্পাসে বহিরাগতদের আধিক্য, উচ্ছৃঙ্খল আচরণ ও মাদক দ্রব্য গাজা সেবনে বিব্রত বোধ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বেরোবি শিক্ষার্থী মাসুদ রানা বলেন, এ কনসার্ট হয়ে গেছে মাদকসেবীদের নিরাপদ জায়গা। কনসার্টের অধিকাংশ জায়গায় গাজা সেবনের ঘ্রাণ পাওয়া যাচ্ছিলো।

শফিকুল ইসলাম শফিক নামে এক শিক্ষার্থী বলেন, আজ ক্যাম্পাসে জঘন্য পরিবেশ সৃষ্টি হয়েছিলো। চারদিকে সিগারেটের ধোয়া, গাজার গন্ধ, ও মেয়ে শিক্ষার্থীদের প্রতি বাজে ইশারা চোখে পড়েছে। ১০% শিক্ষার্থী ছিল কি না সন্দেহ। বাকিরা বহিরাগত। এসব কর্ম বিশ্ববিদ্যালয়ের মান খারাপ করছে।

সমাজ বিভাগের বিভাগের শিক্ষার্থী সবুর খান বলেন, অনুষ্ঠান দেখে মনে হচ্ছে মাইকিং করে গাঁজার দাওয়াত দেওয়া হয়েছিলো। সাথে কিছু হাতের কাজ। টোকাই দিয়ে ভরা ছিল।

কামরুল হাসান নামে এক শিক্ষার্থী বলেন, আজ অনুষ্ঠান দেখতে গিয়ে গাজার গন্ধে থাকতে পারিনি।

রুমিনা আক্তার নামে এক শিক্ষার্থী বলেন, আজ বাজে অভিজ্ঞতা হলো। অনুষ্ঠানের সময় নাচতে নাচলে কয়েকজন যুবক আমাদের দিকে আসতে ছিল। আমাদের নিয়ে বিভিন্ন কথাবার্তাও বলছিলো। তাদের কোনোভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনে হয়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান বলেন, অনুষ্ঠান চলাকালে মাদক সেবনের সময় ক্যাম্পাসের বিভিন্ন জায়গা থেকে বেশ কয়েকজন যুবককে আটক করা হয়। তাদের মধ্যে তিন জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য থানায় পাঠানো হয়েছে।

বেরোবি পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক আজিজ স্বপন বলেন, উচ্ছৃঙ্খল আচরণ ও মাদক সেবনের জন্য কয়েকজন কে আটক করা হয়েছিলো। তিন জনকে অভিযুক্ত করে থানায় পাঠানো হয়েছে। অন্যান্যদের থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

বিআরইউ