জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিবহন ব্যবস্থায় র্যাগিংয়ের অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (২৪ জুন) পরিবহন প্রশাসক সহযোগী অধ্যাপক ড. তারেক বিন আতিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নতুন শিক্ষাবর্ষে প্রথম বর্ষের শিক্ষার্থীদের বাসে যাতায়াতকালে বিভিন্নভাবে হেনস্তা করা হচ্ছে, যা র্যাগিং-এর পর্যায়ে পড়ে। এমন কর্মকাণ্ড শৃঙ্খলা পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ।
পরিবহন প্রশাসক বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি অনাবাসিক বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের একটি বড় অংশ বাসে যাতায়াত করে। কিন্তু বাসে উঠলেই প্রথম বর্ষের শিক্ষার্থীরা বিভিন্নভাবে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়ছে। ইতোমধ্যে দুটি লিখিত অভিযোগ পেয়েছি। সেগুলোর প্রেক্ষিতে বাস এবং ক্যাম্পাসে র্যাগিং সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
তিনি আরও জানান, কোনো শিক্ষার্থী র্যাগিংয়ের সঙ্গে জড়িত প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে।
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন