বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শূন্যপদে প্রবেশ পর্যায়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির শিক্ষক পদে নিয়োগ সুপারিশের ফল প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারের হাতে আনুষ্ঠানিকভাবে এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম এ ফল তুলে দেন।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) জানিয়েছে, ১৮ সেপ্টেম্বরের মধ্যে সুপারিশপ্রাপ্ত প্রার্থীর অনুকূলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান নিয়োগপত্র দেবে। সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের নিয়োগপত্র পাওয়ার ৭ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদান করতে হবে।
জানা যায়, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এক লাখ ৮২২টি শূন্যপদের চাহিদার বিপরীতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে প্রায় ৪১ হাজার প্রভাষক/শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছে। শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ই-রেজিস্ট্রেশন থেকে শুরু করে, শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক চাহিদা প্রদান এবং নির্ধারিত যোগ্যতা অনুসারে নিয়োগ সুপারিশ এই সমগ্র প্রক্রিয়াটি অধিক স্বচ্ছতা এবং আধুনিক প্রযুক্তির সহায়তায় সম্পন্ন করা হয়েছে।
ফল জানা যাবে যেভাবে
ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশকৃত প্রার্থীদের ফল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটের পাওয়া যাবে। ‘ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি-২০২৫’ নামক সেবা বক্সে এবং ngi.teletalk.com.bd লিংকে পাওয়া যাবে। এছাড়া নির্বাচিত প্রার্থী নিজ-নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফল দেখতে পারবেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন