ফরম পূরণে বাদ পড়া এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ১, ২০২৬, ০৩:৪৯ পিএম
ফরম পূরণে বাদ পড়া এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর

আসন্ন উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষায় ফরম পূরণে নানা কারণে বাদ পড়া পরীক্ষার্থীদের জন্য পুনরায় সুযোগ তৈরি করে দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। 

সোমবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত একটি জরুরি বিজ্ঞপ্তিতে এই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তের কথা জানানো হয়।

নতুন নির্দেশনা অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীরা বিলম্ব ফিসহ আগামী ১৫ ও ১৬ জুন পর্যন্ত ফরম পূরণের সুযোগ পাবেন। আর ফরম পূরণের জন্য নির্ধারিত ফি ‘সোনালী সেবার’ মাধ্যমে পরিশোধের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৬ জুন পর্যন্ত। 

এই বেঁধে দেওয়া সময়ের মধ্যেই সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষার্থীদের বাদ পড়া ফরম পূরণের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এর আগে শেষ দফায় বিলম্ব ফিসহ এই ফরম পূরণের সময় বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত করা হয়েছিল।

উল্লেখ্য, এবারের এইচএসসি পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হয়ে আগামী ৮ আগস্ট পর্যন্ত চলবে। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষাগুলো শেষ করার নির্দেশনা রয়েছে। 

প্রকাশিত রুটিন অনুযায়ী, প্রথম দিন আবশ্যিক বিষয় বাংলা প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হবে এবং শেষ দিন ৮ আগস্ট ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র এবং শিশু বিকাশ দ্বিতীয় পত্রের পরীক্ষার মাধ্যমে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে।

এএন