রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ইতিহাস রচনার পথে রয়েছেন তাসিন খান। ৬৩ বছরের রাকসু নির্বাচনের ইতিহাসে তিনি প্রথম নারী প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তাসিন খান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ও সাবেক সমন্বয়ক। তিনি অরাজনৈতিক একটি প্যানেল থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন। প্যানেলের লক্ষ্য হিসেবে শিক্ষার সুষ্ঠু পরিবেশ সংরক্ষণ উল্লেখ করেছেন তাসিন।
তিনি বলেন, “আমি লেজুড়বৃত্তিক রাজনৈতিক প্রভাবমুক্ত একটি ইনক্লুসিভ প্যানেল থেকে নির্বাচন করছি। নির্বাচিত হলে শতভাগ আবাসন নিশ্চিতে পদক্ষেপ নেব, কোয়ালিটি এডুকেশন ও খাবারের মান নিশ্চিত করব, এবং শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে সমন্বয় সাধনে সর্বাত্মক কাজ করব।”
উল্লেখযোগ্য, ১৯৬৪-৮৯ সাল পর্যন্ত ১৪টি রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে কেন্দ্রীয় সংসদে ভিপি পদে কখনও নারী প্রার্থীর নেতৃত্বে কোনো প্যানেল হয়নি এবং এ পদে কোনো ছাত্রী প্রতিদ্বন্দ্বিতা করেননি।
নির্বাচন কমিশনের তথ্যমতে, ৩১ আগস্ট পর্যন্ত চলবে মনোনয়ন বিতরণ। এখন পর্যন্ত কেন্দ্রীয় সংসদ, হল সংসদ ও সিনেট সদস্য পদে প্রায় ৫৬৫ জন প্রার্থী মনোনয়ন তুলেছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ভিপি পদে ৮ জন প্রার্থী মনোনয়ন তুলেছেন।
এবারের নির্বাচনে সচেতন শিক্ষার্থী প্যানেল ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে। অন্যদিকে ছাত্রদল ২৫ পদে, গণতান্ত্রিক ছাত্রজোট ৩৮ পদে এবং সমন্বয়করা বিভিন্ন পদে মনোনয়ন তুলেছেন। ছাত্রশিবির ৩১ আগস্ট মনোনয়ন তোলার ঘোষণা দিয়েছে।
রাবি ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং সমন্বয়বদ্ধ কাজকে কেন্দ্র করে এবারের নির্বাচনকে অনেকেই নজর রাখছেন।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন