বাকৃবিতে অস্থিরতা

প্রক্টোরিয়াল বডির পদত্যাগসহ ছয় দফা দাবি শিক্ষার্থীদের

বাকৃবি প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ০১:২৮ পিএম
প্রক্টোরিয়াল বডির পদত্যাগসহ ছয় দফা দাবি শিক্ষার্থীদের

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ও শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা প্রত্যাখ্যান করে ছয় দফা দাবি উত্থাপন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

সোমবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের আমতলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এই দাবিগুলো উত্থাপন করেন।

এর আগে সকাল থেকেই বিভিন্ন হলের শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাসে অবস্থান নেন এবং কে আর মার্কেটে গিয়ে জড়ো হন। সেখানে তারা "রাজপথ ছাড়ি নাই", "রাজপথ ছাড়বো না", "প্রশাসনের গদিতে আগুন জ্বালো একসাথে"—এমন নানা স্লোগান দেন।

শিক্ষার্থীদের উত্থাপিত ৬ দফা দাবি হলো:

১. অবিলম্বে হল ছাড়ার নির্দেশনা বাতিল করতে হবে— অবৈধভাবে হল ভ্যাকেন্টের নির্দেশনা দুপুর ২টার মধ্যে প্রত্যাহার করে নিতে হবে।

২. হলগুলোর সকল সুবিধা চালু রাখতে হবে— বিশেষ করে পানি, বিদ্যুৎ, ইন্টারনেট ও ক্যানটিন-সংক্রান্ত সুবিধা।

৩. প্রক্টোরিয়াল বডিকে পদত্যাগ করতে হবে— শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় এবং বহিরাগতদের দিয়ে হামলার দায়ে প্রক্টোরিয়াল বডিকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে।

৪. উপাচার্যের প্রকাশ্য ক্ষমা প্রার্থনা— বহিরাগতদের ককটেল বিস্ফোরণ, স্থাপনা ভাঙচুর, অস্ত্র নিয়ে হামলা ও নারী শিক্ষার্থীদের হেনস্তার ঘটনায় উপাচার্যকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

৫. হামলাকারী শিক্ষক ও বহিরাগতদের শাস্তি— হামলায় জড়িত শিক্ষক ও বহিরাগতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

৬. একক ডিগ্রি প্রদান নিশ্চিত করতে হবে— চলমান আন্দোলনের মূল দাবি হিসেবে তিনটি আলাদা ডিগ্রি বাতিল করে অবিলম্বে একক কম্বাইন্ড ডিগ্রি চালুর আহ্বান জানানো হয়।

শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হলে গোটা বাকৃবি ক্যাম্পাস লকডাউন ও ব্ল্যাকআউট করে দেওয়া হবে। তারা বলেন, “আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ছি না।”

জেএইচআর