জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও বাহাদুর শাহ পার্ক সংলগ্ন এলাকা থেকে অবৈধ বাস, লেগুনা স্ট্যান্ড এবং ফুটপাতের দোকানপাট উচ্ছেদ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত এককভাবে নেওয়া হয়নি। সামান্য কিছু অসুবিধা থাকলেও বৃহত্তর স্বার্থে সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সবাই ঐক্যমত পোষণ করবেন বলে আশা প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জবিশিস)।
রোববার জবিশিসের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বাহাদুর শাহ পার্ক এলাকায় অবৈধ স্ট্যান্ড উচ্ছেদের দাবি নতুন নয়। দায়িত্ব গ্রহণের এক সপ্তাহের মধ্যেই ২০২৫ সালের ৮ জানুয়ারি শিক্ষক সমিতি প্রশাসনের কাছে এ দাবি জানায়। এরপর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ট্রাফিক বিভাগ ও বাস মালিক সমিতির সঙ্গে একাধিক বৈঠক হলেও কার্যকর সমাধান আসেনি।
বিবৃতিতে আরও বলা হয়েছে, সম্প্রতি এক শিক্ষার্থীকে দুটি বাস চাপা দেওয়ার পর শিক্ষার্থীরা প্রতিবাদে নেমে ৭ সেপ্টেম্বর ডিসি ট্রাফিকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাস মালিক সমিতির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। বৈঠকের সম্মিলিত সিদ্ধান্তে রায়সাহেব বাজার মোড় থেকে বাস চলাচল বন্ধ করা হয়।
জবিশিস উল্লেখ করেছে, বাসস্ট্যান্ড অপসারণে যানজট কমবে, শিক্ষার্থীদের জীবন ঝুঁকিমুক্ত হবে এবং বায়ুদূষণ ও শব্দদূষণ থেকে মুক্তি মিলবে। এছাড়া অবৈধ লেনদেন ও মাদক কারবারও বন্ধ হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, অটো রিকশার গতি নিয়ন্ত্রণ, ন্যায্য ভাড়া নির্ধারণ এবং বিকল্প পরিবহন ব্যবস্থার বিষয়েও প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে। জবিশিস মনে করিয়ে দিয়েছে, এই সিদ্ধান্ত গ্রহণে কারো প্রতিযোগিতার মানসিকতা নয়; সত্য, সুন্দর ও কল্যাণকর বিষয়কে প্রাধান্য দেওয়া উচিত।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন