দেশের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।
দিনব্যাপী এ আয়োজনে বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রায় এক হাজার সাবেক ও বর্তমান শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের সূচনা হয় বর্ণাঢ্য আনন্দ র্যালি দিয়ে। ঐতিহাসিক এ শিক্ষা প্রতিষ্ঠানের শতবর্ষের ঐতিহ্য ধারণ করে শিক্ষার্থী, শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশ নেন।
পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মৃতিচারণা পর্ব অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, “আলিয়া মাদ্রাসা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং উপমহাদেশে প্রাচীন ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ের অনন্য দৃষ্টান্ত। এ প্রতিষ্ঠান থেকে গড়ে ওঠা শিক্ষার্থীরা যুগে যুগে সমাজ উন্নয়নে অবদান রেখেছে।”
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, “ঢাকা আলিয়া রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।”
অনুষ্ঠানে যোগদানকারী প্রাক্তন শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন পর সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে মিলিত হয়ে সেই অধ্যয়নকালের সময়ের কথা মনে পড়ে।
আয়োজকরা জানান, আগামী বছর থেকে আরও বৃহৎ পরিসরে এবং নিরাপত্তা জোরদার করে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন