জবি ছাত্রদলের বর্ধিত কমিটি ঘোষণা

জবি প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৬:২৫ পিএম
জবি ছাত্রদলের বর্ধিত কমিটি ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক কমিটি বর্ধিত করা হয়েছে। আহ্বায়ক কমিটি গঠনের প্রায় এক বছর পর দ্বিতীয়বারের মতো এ বর্ধিত কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

রোববার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত বর্ধিত কমিটিতে ২২২ জনকে আহ্বায়ক কমিটির সদস্য করা হয়েছে।

এর আগে গত ২৪ ডিসেম্বর কেন্দ্রীয় ছাত্রদলের এক বিজ্ঞপ্তিতে সম্মেলনের মাধ্যমে ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে জবি শাখা ছাত্রদলের একটি আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। ওই কমিটিতে ২০০৮–০৯ শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান হিমেলকে আহ্বায়ক এবং ২০০৯–১০ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী সামসুল আরেফিনকে সদস্য সচিব করা হয়।

আহ্বায়ক কমিটি গঠনের ৫১ দিন পর চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি প্রথম দফায় ৪৫৫ সদস্যবিশিষ্ট একটি বর্ধিত কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল। সর্বশেষ ঘোষণার মাধ্যমে এক বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো আহ্বায়ক কমিটি বর্ধিত করা হলো।

এ বিষয়ে ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল একটি বড় ইউনিট। এখানে একাধিক গ্রুপ সক্রিয় রয়েছে। শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতেই বর্ধিত কমিটি করা হয়েছে।”

উল্লেখ্য, ঘোষণার সময় আহ্বায়ক কমিটির মেয়াদ ৪৫ দিন নির্ধারণ করা হলেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি গঠনের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

ইএইজ