ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির (ওসমান হাদি) শাহাদাতের সংবাদ ছড়িয়ে পড়ার পরপরই প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।
বৃহস্পতিবার রাত ১১টা থেকে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা। রাত সাড়ে ১১টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন।
বিক্ষোভের শুরুতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে একটি বিশাল মিছিল বের করেন। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে মহাসড়কে গিয়ে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ইসলামি ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ সহস্রাধিক সাধারণ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষার্থীরা ভারতবিরোধী এবং আধিপত্যবাদ বিরোধী নানা স্লোগানে রাজপথ কাঁপিয়ে তোলেন।
মহাসড়কে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা ওসমান হাদি হত্যার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত খুনিদের বিচারের দাবি তোলেন।
তারা বলেন, ৫ আগস্টের পর থেকে একের পর এক জুলাই যোদ্ধাদের টার্গেট করা হচ্ছে। হাদি আমাদের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে শিখিয়েছেন। আজ তাকে হত্যার মাধ্যমে বিপ্লবীদের কণ্ঠ স্তব্ধ করার অপচেষ্টা চালানো হচ্ছে।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ সময় সরকারের নিরাপত্তা ব্যবস্থার সমালোচনা করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার হাদিকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার দায় নিয়ে তারা সংশ্লিষ্টদের জবাবদিহিতা দাবি করেন। একইসাথে তারা ভারতের আগ্রাসন মোকাবিলায় দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার ঘোষণা দেন এবং পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের অতিদ্রুত আইনের আওতায় আনার হুঁশিয়ারি প্রদান করেন।
ওসমান হাদিকে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে উল্লেখ করে শিক্ষার্থীরা আরও বলেন, তিনি শুধু একজন নেতাই ছিলেন না, বরং সাংস্কৃতিক বিপ্লবের আইকন ছিলেন। তার রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসের আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন