ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকায় গ্রাফিতি অঙ্কন করা হয়েছে। এতে লেখা হয়, “দাসত্ব যে জমিনের নিশ্চল নিয়তি, লড়াই-ই সেখানে সর্বোত্তম ইবাদত।”
শহীদ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ চলছে। একই সঙ্গে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা দেয়ালে দেয়ালে গ্রাফিতির মাধ্যমে তাকে স্মরণ করছেন। এরই ধারাবাহিকতায় আমার দেশ পাঠকমেলা ঢাকা আলিয়ার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
আমার দেশ পাঠকমেলা ঢাকা আলিয়ার সভাপতি এম সাব্বির আহমেদ বলেন, শহীদ ওসমান হাদি ছিলেন একজন জীবন্ত কিংবদন্তি, যিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিজের জীবন উৎসর্গ করেছেন। তার ন্যায় ও ইনসাফের প্রতি অটল বিশ্বাস, আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম, দেশপ্রেম ও সততার আদর্শ আমাদেরকে অনুপ্রাণিত করে। তিনি ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক, যিনি দেশের জন্য সবকিছু উজাড় করে দিয়েছেন। তার হত্যা একটি নৃশংস ও বর্বরোচিত ঘটনা, যা আমরা কখনো ভুলব না। আমরা এই হত্যার বিচার দাবি করছি এবং ওসমান হাদির আদর্শকে ধারণ করে সামনে এগিয়ে যেতে চাই।
তিনি আরও বলেন, ওসমান হাদির হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে আমরা আশা করছি। আইন উপদেষ্টা আসিফ নজরুলও এই হত্যার বিচারের জন্য দ্রুত ট্রাইব্যুনাল গঠনের কথা বলেছেন। আমরা এই বিচার প্রক্রিয়াকে সমর্থন করছি এবং ওসমান হাদির খুনিদের শাস্তি দেখতে চাই।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনে গুলিবিদ্ধ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে ওসমান হাদি ইন্তেকাল করেন। ২০ ডিসেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তাকে ঢাকায় দাফন করা হয়।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন