জবিতে পরীক্ষামূলকভাবে স্টারলিংক ইন্টারনেট চালু

জবি প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৩:১৯ পিএম
জবিতে পরীক্ষামূলকভাবে স্টারলিংক ইন্টারনেট চালু

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদের (জকসু) উদ্যোগে শিক্ষার্থীদের দীর্ঘদিনের ইন্টারনেট সমস্যা সমাধানে ক্যাম্পাসে পরীক্ষামূলকভাবে স্টারলিংক ইন্টারনেট সংযোগ চালু করা হয়েছে।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে এ কার্যক্রমের উদ্বোধন করেন জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম।

উদ্বোধনী বক্তব্যে ভিপি রিয়াজুল ইসলাম বলেন, ‘আমাদের ইশতেহারে বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট সমস্যার সমাধান একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। শিক্ষার্থীদের জন্য নিরবচ্ছিন্ন ইন্টারনেট এখন মৌলিক প্রয়োজন। বিডিরেনের সাথে চুক্তি থাকলেও আমরা প্রত্যাশিত মানের সেবা পাচ্ছি না। ফলে বিকল্প সমাধান হিসেবে স্টারলিংক নিয়ে এ পরীক্ষামূলক উদ্যোগ নেওয়া হয়েছে।’

জকসুর জিএস আব্দুল আলিম আরিফ বলেন, একাডেমিক কার্যক্রম ও গবেষণার জন্য দ্রুতগতির ইন্টারনেট অপরিহার্য। ধীরগতির ইন্টারনেট শিক্ষার্থীদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। যে প্রযুক্তি সবচেয়ে ভালো ফল দেবে, সেটিই ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কক্ষ ও ল্যাবে বাস্তবায়নের জন্য প্রশাসনের সাথে আলোচনা করা হবে।

সহসাধারণ সম্পাদক (এজিএস) মাসুদ রানা জানান, এ উদ্যোগ কোনো প্রদর্শনী নয়, বরং তুলনামূলক যাচাই করার একটি প্রক্রিয়া। শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা থেকে বুঝুক কোন সেবাটি তাদের জন্য বেশি কার্যকর।

অনুষ্ঠানে জকসুর বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরীক্ষামূলক এ কার্যক্রমের মাধ্যমে একটি টেকসই ও দীর্ঘমেয়াদি ইন্টারনেট সমাধানের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন ছাত্রনেতারা।

ইএইচ