অস্ট্রেলিয়ার উচ্চশিক্ষা খাতে সাম্প্রতিক সময়ে বড় ধরনের নীতিগত পরিবর্তন এসেছে। বিশেষ করে ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া আগের তুলনায় কয়েক গুণ কঠিন হয়ে পড়েছে।
অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব হোম অ্যাফেয়ার্স বা ডিএইচএ বাংলাদেশকে প্রমাণের স্তর ৩ বা উচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করার ফলে এখন থেকে কেবল মেধা থাকলেই চলবে না, বরং স্বচ্ছ আর্থিক তথ্যের অকাট্য প্রমাণই হবে ভিসা পাওয়ার মূল চাবিকাঠি।
অস্ট্রেলিয়া সরকার তাদের অভিবাসন নীতি এবং আন্তর্জাতিক শিক্ষা খাতের গুণগত মান বজায় রাখতে রিস্ক রেটিং বা ঝুঁকির স্তর নির্ধারণ করে থাকে। বাংলাদেশ এখন লেভেল ৩ এ থাকায় অস্ট্রেলিয়ার ভিসা অফিসাররা বাংলাদেশি আবেদনকারীদের প্রতিটি নথিপত্র অত্যন্ত সতর্কতার সাথে যাচাই করবেন। এর মূল কারণগুলো হলো অসম্পূর্ণ বা ভুয়া নথিপত্র জমা দেওয়ার প্রবণতা বৃদ্ধি, আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে তথ্যের অস্পষ্টতা এবং শিক্ষা শেষে দেশে ফেরার বদলে অনিয়মিত উপায়ে স্থায়ী হওয়ার সম্ভাবনা।
নতুন নির্দেশনা অনুযায়ী নথিপত্র যাচাইয়ের ক্ষেত্রে কয়েকটি জায়গায় বড় পরিবর্তন আনা হয়েছে। আগে সাধারণত তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখালে চলত, কিন্তু এখন তহবিলের স্বচ্ছতা প্রমাণে অন্তত ৬ মাসের ব্যাংক ইতিহাস দেখাতে হবে। যদি অ্যাকাউন্টে হঠাৎ বড় অঙ্কের টাকা জমা হয়, তবে তার পেছনে সুনির্দিষ্ট কারণ ও প্রমাণ থাকতে হবে।
এ ছাড়া বাংলাদেশে অনেক ক্ষেত্রে জমি কেনাবেচা বা পারিবারিক ব্যবসায় নগদ টাকা লেনদেন হয়, তবে অস্ট্রেলিয়ার নতুন নিয়মে নগদ আয় বা লেনদেনের কোনো মূল্য নেই। আয়ের উৎস অবশ্যই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে হতে হবে। জমি বিক্রির টাকার ক্ষেত্রেও শুধু স্ট্যাম্প বা হলফনামা যথেষ্ট নয়, বরং পে অর্ডার বা ব্যাংক ট্রান্সফারের প্রমাণ দিতে হবে।
যারা স্নাতকোত্তর বা মাস্টার্স প্রোগ্রামে আবেদন করছেন, তাদের কাজের অভিজ্ঞতার প্রমাণ হিসেবে কেবল এক্সপেরিয়েন্স লেটার দিলে চলবে না, সাথে প্রতি মাসের পে স্লিপ বা বেতন ব্যাংকে জমার প্রমাণ এবং কর বা ট্যাক্স পরিশোধের তথ্য বাধ্যতামূলক করা হয়েছে।
২০২৬ সালের নতুন নিয়মে শিক্ষার্থীদের দীর্ঘ ও গভীরতর ইন্টারভিউ বা সাক্ষাৎকারের মুখোমুখি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। একজন শিক্ষার্থীকে প্রমাণ করতে হবে যে তিনি কেবল পড়াশোনার জন্যই অস্ট্রেলিয়া যাচ্ছেন। সাক্ষাৎকারে কোর্সের প্রাসঙ্গিকতা, আবাসন ও অবস্থান এবং পড়াশোনা শেষ করে বাংলাদেশে ফিরে আসার সুনির্দিষ্ট পরিকল্পনার মতো বিষয়গুলো গুরুত্ব পাবে।
এ কড়াকড়ির ফলে বাংলাদেশি শিক্ষার্থীরা ভিসা রিজেকশন রেট বৃদ্ধি, দীর্ঘ সময় অপেক্ষা এবং আর্থিক জটিলতার মতো প্রধান তিনটি সমস্যার সম্মুখীন হতে পারেন। নথিপত্রে সামান্য অসংগতি থাকলেই কোনো সুযোগ না দিয়ে সরাসরি ভিসা বাতিল করা হতে পারে।
অস্ট্রেলিয়ার স্বপ্ন পূরণে এখন থেকে শিক্ষার্থীদের অন্তত ৬ মাস থেকে ১ বছর আগে থেকে প্রস্তুতি নিতে হবে। আপনার বা আপনার স্পন্সরের ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন নিয়মিত রাখুন। জমি বা সম্পদ বিক্রয় করার সময় অবশ্যই তা ব্যাংকিং চ্যানেলে সম্পন্ন করুন। লিজ বা ভাড়ার চুক্তিপত্রের বদলে ব্যাংকে আসা জমার রশিদ সংরক্ষণ করুন। অসাধু এজেন্ট বা যারা ভিসার গ্যারান্টি দেয় তাদের থেকে দূরে থাকুন। আইইএলটিএস বা পিটিই স্কোরের পাশাপাশি অস্ট্রেলিয়ার সংস্কৃতি এবং আপনার নির্ধারিত শহরের জীবনযাত্রা সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
যদিও কড়াকড়ি বেড়েছে, কিন্তু যাদের নথিপত্র স্বচ্ছ এবং যারা প্রকৃত অর্থেই মেধাবী শিক্ষার্থী, তাদের জন্য দরজা এখনো খোলা। মেধা, স্বচ্ছতা এবং সঠিক প্রস্তুতির সমন্বয় ঘটাতে পারলে এ কঠিন চ্যালেঞ্জের মধ্যেও অস্ট্রেলিয়ার শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করা সম্ভব।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন