জাবিতে কোরআন অবমাননার ঘটনায় ইসলামী ছাত্রীসংস্থার নিন্দা

জাবি প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৫:৫০ পিএম
জাবিতে কোরআন অবমাননার ঘটনায় ইসলামী ছাত্রীসংস্থার নিন্দা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আয়োজিত ‘হিম উৎসব’ অনুষ্ঠানে পবিত্র কোরআনের সুরা নাস বিকৃতভাবে উপস্থাপন করে ধর্ম অবমাননার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।

শনিবার বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা জাবি শাখার সভানেত্রী ফেরদৌসী আক্তার জান্নাত স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, শুক্রবার অনুষ্ঠিত হিম উৎসবের এক পরিবেশনায় আমন্ত্রিত এক বাউল শিল্পী পবিত্র কোরআনের সুরা নাস পাঠের নামে বিকৃত ও আপত্তিকর বক্তব্য উপস্থাপন করেন। তিনি সুরাটিকে নৃত্যের সঙ্গে সম্পৃক্ত করে আপত্তিকর বক্তব্য দেন। এ ধরনের বক্তব্য মুসলিম ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে মারাত্মক আঘাত হেনেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, এ ঘটনার প্রতিবাদ জানালে তা দমন করার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের একটি বামপন্থী সংগঠনের কিছু ব্যক্তি প্রতিবাদকারীদের ওপর হামলার জন্য উদ্যত হয়। এ ধরনের আচরণ অত্যন্ত নিন্দনীয় ও অসভ্য আখ্যা দিয়ে বলা হয়, মতপ্রকাশের নামে ধর্ম অবমাননা এবং তার প্রতিবাদে সহিংসতার হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ছাত্রীসংস্থা নেতৃবৃন্দ বলেন, ধর্মীয় গ্রন্থ বিকৃতি ও অবমাননা সামগ্রিক সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের ওপর সরাসরি আঘাত। বিশ্ববিদ্যালয় কখনোই ধর্ম অবমাননা বা মতের অমিল দমনে সন্ত্রাসী আচরণের নিরাপদ ক্ষেত্র হতে পারে না।

বিবৃতিতে ঘটনার সঙ্গে জড়িত শিল্পী, আয়োজক এবং হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের উসকানিমূলক কার্যক্রম রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায় সংগঠনটি।

ইএইচ