সরকারি বাঙলা কলেজ ছাত্রশিবিরের নতুন নেতৃত্বে সাকিব ও আরিফ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৭:৩৩ পিএম
সরকারি বাঙলা কলেজ ছাত্রশিবিরের নতুন নেতৃত্বে সাকিব ও আরিফ

রাজধানীর সরকারি বাঙলা কলেজে ২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শাখা কমিটির সভাপতি ও সেক্রেটারি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাইফুর রহমান সাকিব এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন সমাজকর্ম বিভাগের আরিফ বিল্লাহ।

মঙ্গলবার ঢাকা মহানগর পশ্চিম শাখার সভাপতি হাফেজ আবু তাহেরের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত সাইফুর রহমান সাকিবকে সভাপতি হিসেবে ঘোষণা করা হয় এবং তাঁকে শপথবাক্য পাঠ করানো হয়। পরবর্তীতে নবনির্বাচিত সভাপতি সকলের পরামর্শ ও মতামতের ভিত্তিতে আরিফ বিল্লাহকে সেক্রেটারি হিসেবে মনোনীত করেন।

দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি সাইফুর রহমান সাকিব বলেন, ক্যাম্পাসে নৈতিকতা, শৃঙ্খলা ও আদর্শিক চর্চাকে জোরদার করতে আমরা একযোগে কাজ করবো। সকল মত ও পথের শিক্ষার্থীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে একটি সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলাই হবে আমাদের প্রধান অঙ্গীকার। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও একাডেমিক পরিবেশ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখাই হবে আমাদের লক্ষ্য।

নবমনোনীত সেক্রেটারি আরিফ বিল্লাহ তাঁর প্রতিক্রিয়ায় বলেন, অর্পিত আমানত যথাযথভাবে পালনের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো। ক্যাম্পাসে ভ্রাতৃত্ববোধ ও দ্বীনি চেতনা জাগ্রত করতে আমরা কার্যকর উদ্যোগ গ্রহণ করবো। শিক্ষার্থীদের একাডেমিক সমস্যা ও ক্যাম্পাস সংশ্লিষ্ট যেকোনো সংকটে আমরা তাঁদের পাশে থাকার চেষ্টা করবো। পরিশেষে নবনির্বাচিত সভাপতির দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

জেএইচআর