জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শের-ই-বাংলা এ কে ফজলুল হক আবাসিক হল থেকে কনিষ্ক মাঝি নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে হলের ৪১৩ নম্বর কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন সহপাঠীরা।
নিহত কনিষ্ক মাঝি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের (৫০তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন।
হল সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে ৪১৩ নম্বর কক্ষের অন্য ছাত্ররা বাড়িতে থাকায় কনিষ্ক রুমে একাই ছিলেন। দুপুর ২টার দিকে পাশের রুমের এক শিক্ষার্থী কনিষ্ককে ডাকতে গিয়ে কোনো সাড়া না পেয়ে সন্দেহ পোষণ করেন।
পরে অন্য সহপাঠীদের ডেকে এনে জানালার কাচ ভেঙে ভেতরে কনিষ্ককে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। তাৎক্ষণিকভাবে কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, খবর পেয়ে হল প্রভোস্ট ও প্রক্টোরিয়াল বডি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশকে খবর দেওয়া হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি নামানো হবে। মেধাবী এই শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে সহপাঠী ও বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন