জবিতে ছাত্রদলের বর্ণাঢ্য বর্ষবরণ: নজর কেড়েছে ঐতিহ্যবাহী হাড়িভাঙা

জবি প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৬, ০৫:৫৪ পিএম
জবিতে ছাত্রদলের বর্ণাঢ্য বর্ষবরণ: নজর কেড়েছে ঐতিহ্যবাহী হাড়িভাঙা

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করে নিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে নানাবিধ কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদল।

মঙ্গলবার দিনভর বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক আড্ডার পাশাপাশি সবার নজর কেড়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ‘হাড়িভাঙা’ প্রতিযোগিতা।

সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর ও এর আশপাশের এলাকায় নেতা-কর্মীদের পদচারণায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। দিনের কর্মসূচির শুরুতে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আনন্দ শোভাযাত্রা, শুভেচ্ছা বিনিময় ও সংগীত অনুষ্ঠান। এরপরই শুরু হয় ছাত্রদলের বিশেষ আয়োজন ‘হাড়িভাঙা’ খেলা।

আধুনিকতার ভিড়ে হারিয়ে যাওয়া এই লোকজ খেলাটি দেখতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে উৎসুক শিক্ষার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। চোখে কাপড় বেঁধে লাঠি হাতে হাড়ি ভাঙার প্রতিটি প্রচেষ্টায় দর্শকদের হর্ষধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

আয়োজন সম্পর্কে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার অবিচ্ছেদ্য অংশ। নতুন প্রজন্মের কাছে দেশীয় কৃষ্টি ও লোকজ সংস্কৃতিকে তুলে ধরতেই আমরা এই গ্রামীণ খেলার আয়োজন করেছি। রাজনীতির পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক মেলবন্ধনের মাধ্যমে একটি সমৃদ্ধ ক্যাম্পাস গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

এ সময় শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক সুমন সরদার ও শাহরিয়ার হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

হাড়িভাঙা খেলা ছাড়াও ছাত্রদলের উদ্যোগে বালিশ খেলা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। আয়োজক সূত্রে জানা গেছে, এসব প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে আগামীকাল বুধবার আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে। জবি ছাত্রদলের এই ব্যতিক্রমী উদ্যোগ সাধারণ শিক্ষার্থীদের মাঝে বেশ প্রশংসিত হয়েছে।

জেএইচআর