ববি হাজ্জাজ

প্রয়োজনে শিক্ষার্থীদের উপবৃত্তি বাড়ানো হবে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০২:১৬ পিএম
প্রয়োজনে শিক্ষার্থীদের উপবৃত্তি বাড়ানো হবে

শিক্ষার্থীদের স্কুলমুখী করতে প্রয়োজন হলে উপবৃত্তির পরিমাণ বাড়ানোসহ সব ধরনের কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

শুক্রবার রাজধানীর বাদশাহ ফয়সল ইনস্টিটিউটে প্রাথমিক বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের উপবৃত্তি নিয়ে ইতোমধ্যে আলোচনা চলছে। শিক্ষার্থীদের ক্লাসরুমে ফেরাতে উপবৃত্তি বাড়ানোর প্রয়োজন হলে সেটিও করা হবে। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে। এই পরীক্ষা শিক্ষার্থী ও অভিভাবকদের উৎসাহিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে। শিক্ষা খাতে উৎসাহ জোগাতে কার্যকর কোনো প্রক্রিয়াই বাদ দিতে চায় না সরকার।

ববি হাজ্জাজ বলেন, অনেক ক্ষেত্রে দেখা যায় শিক্ষার্থীরা শ্রেণি পরিবর্তনের পর আগের শ্রেণির পাঠ্যবিষয় ভুলে যায়। তবে এটিকে তিনি বড় কোনো সমস্যা হিসেবে দেখেন না। কারণ জ্ঞান এমন একটি বিষয়, যার ওপর ভিত্তি করে পরবর্তী ধাপগুলো গড়ে ওঠে। একজন শিক্ষার্থী যদি পঞ্চম শ্রেণির বিষয়বস্তু আয়ত্ত করতে না পারে, তাহলে ষষ্ঠ শ্রেণির পাঠ বুঝতেও তার সমস্যা হবে, এটি স্বাভাবিক একটি প্রক্রিয়া।

তিনি আরও বলেন, বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে একটি প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হয়। যেহেতু প্রায় সব শিক্ষার্থী একই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়, তাই এটি একটি সমতাভিত্তিক প্রতিযোগিতার ক্ষেত্রও তৈরি করে। মূলত এই পরীক্ষার উদ্দেশ্য শিক্ষার্থীদের উৎসাহিত করা।

প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে বৃত্তি পরীক্ষার আওতায় আরও বেশি সংখ্যক শিক্ষার্থীকে আনার চেষ্টা করা হবে। একই সঙ্গে বৃত্তির পরিমাণ বা আর্থিক প্রণোদনার আকারও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

এম জি