জবি ছাত্রী হলে জকসুর উদ্যোগে বৈশাখী ক্রীড়া উৎসব

জবি প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৪:৩৯ পিএম
জবি ছাত্রী হলে জকসুর উদ্যোগে বৈশাখী ক্রীড়া উৎসব

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল ‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী’ হলে জকসু (হল সংসদ) এর উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার সকালে হলের অডিটোরিয়ামে আয়োজিত এই উৎসবে আবাসিক শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পহেলা বৈশাখে মূল ক্যাম্পাসে অনুষ্ঠান থাকায় হলের এই আয়োজনটি আজ সম্পন্ন করা হয়।

‘এসো হে বৈশাখ! স্মৃতির পটে প্রাণের টানে, শৈশব ফিরুক খেলার ছলে’—এই প্রতিপাদ্যে আয়োজিত উৎসবে ছিল হাড়ি ভাঙা, বালিশ খেলা, বেলুন পপিং, পুকুর-পাড় এবং সুই-সুতা দৌড়ের মতো শৈশবের সব জনপ্রিয় খেলা।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। হাড়ি ভাঙা খেলায় ১ম হয়েছেন ১৫তম ব্যাচের সিরাজুম আরেফিন কনা। বেলুন পপিংয়ে ১৭তম আবর্তনের কাজি সাদিয়া এবং বালিশ খেলায় সাদিয়া জাহান ইতি প্রথম স্থান অধিকার করেন। এছাড়া পুকুর-পাড় খেলায় ১ম হন আমরিন।

হলের আবাসিক শিক্ষার্থী রিতু বলেন, হলের ভেতরে এই আয়োজন হওয়ায় সব মেয়েরা জড়ো হয়ে অনেক আনন্দ করেছি। সাধারণত বাইরের মাঠে অনেকে অংশ নিতে চায় না, কিন্তু হলের ঘরোয়া পরিবেশে সবাই দারুণ উপভোগ করেছে।

হল সংসদের ক্রীড়া সম্পাদক সাবিকুন্নার সুলতানা বলেন, "দায়িত্ব নেওয়ার পর থেকেই স্বপ্ন ছিল হলের একঘেয়েমি জীবনে উৎসবের আমেজ ফিরিয়ে আনা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আমরা সার্থক। বাজেট ও জায়গার সীমাবদ্ধতা থাকলেও প্রাণের টানে আমাদের এই আয়োজন ছোট পরিসরে হলেও সফল হয়েছে।" সংশ্লিষ্টরা জানান, হলের এই ক্রীড়াশীল পরিবেশ বজায় রাখতে ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করা হবে।

জেএইচআর