দেশের শিক্ষা ব্যবস্থায় দীর্ঘদিন ধরে চলা সেশনজট নিরসনের উদ্যোগ হিসেবে ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের আগেই আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন জানিয়েছেন, আগামী বছরের পরিবর্তে চলতি বছরের ডিসেম্বরেই এ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে।
শনিবার সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলি নীতিমালা সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সেশনজটের নেতিবাচক প্রভাব দূর করাই সরকারের প্রধান লক্ষ্য। করোনা পরবর্তী পরিস্থিতি এবং বিভিন্ন সময়ে রাজনৈতিক অস্থিরতার কারণে পরীক্ষার সময়সূচি স্বাভাবিক ধারায় ছিল না। সেই স্বাভাবিকতা ফিরিয়ে আনতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী আরও জানান, একই প্রক্রিয়ার অংশ হিসেবে ২০২৭ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষাও এগিয়ে আনার পরিকল্পনা রয়েছে। তবে এ পরীক্ষার সুনির্দিষ্ট সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি।
এদিকে বৈঠকে এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী বদলি নীতিমালা নিয়েও আলোচনা হয়। শিক্ষামন্ত্রী জানান, শিক্ষক বদলি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সহজ করতে নতুন নীতিমালা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন