ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ম্যুরালের কাছে বজ্রপাতে ২ নারী শিক্ষার্থী আহত হয়েছেন। তারা ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন সুফিয়া আক্তার (২২) ও ফারাহ আক্তার (২২)।
রোববার বিকেল সাড়ে ৫টার দিকে ঝড়-বৃষ্টির সময় ঘটনাটি ঘটে। পরে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আহতদের সহকর্মী আগলিনা জানান, বিকেল ৫টার দিকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে সুফিয়া ও ফারাহ গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের নতুন ভবনের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, বজ্রপাতে আহত দুই শিক্ষার্থী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি, তবে চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করছেন।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন