চট্টগ্রামে ‘জাপানিজ এনসেফালাইটিস’ নামক মশাবাহিত বিরল রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) অধ্যাপক ড. জাকিয়া সুলতানা জুথির মৃত্যু হয়েছে। সামান্য জ্বর ও মাথাব্যথা নিয়ে হাসপাতালে ভর্তির মাত্র কয়েক দিনের মাথায় তার এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৪ মে হঠাৎ তীব্র জ্বর, মাথাব্যথা ও বমি শুরু হলে ড. জুথিকে চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পরেই তার মস্তিষ্কে একাধিক স্ট্রোক হয়। শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে তাকে অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পথে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ (কার্ডিয়াক অ্যারেস্ট) হয়ে যায় এবং চিকিৎসকরা তাকে ‘ক্লিনিক্যালি ব্রেইন ডেড’ ঘোষণা করেন। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় গত ২৪ ঘণ্টার মধ্যে তার মৃত্যু হয়।
চিকিৎসকদের ধারণা, তিনি কিউলেক্স মশাবাহিত ‘জাপানিজ এনসেফালাইটিস’ ভাইরাসে আক্রান্ত ছিলেন। এই ভাইরাসটি সরাসরি মানুষের মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে, যা দ্রুত মৃত্যুর কারণ হতে পারে। এই সংক্রমণের ফলে তার মস্তিষ্কে কয়েক দফা রক্তক্ষরণ বা স্ট্রোক হয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ড. জাকিয়া সুলতানা জুথি সিভাসুর ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের অধ্যাপক ছিলেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০০৭-০৮ সেশনের মেধাবী শিক্ষার্থী ছিলেন। উচ্চশিক্ষার জন্য তিনি জাপানের হিরোশিমা ইউনিভার্সিটি থেকে পিএইচডি এবং কিউশু ইউনিভার্সিটি থেকে পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। সম্প্রতি তিনি অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছিলেন।
ব্যক্তিগত জীবনে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. শাহরিয়ার হাসেম অর্ণবের স্ত্রী এবং পাঁচ বছর বয়সী এক সন্তানের জননী। তার মৃত্যুতে সিভাসুর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমানসহ তার সহকর্মী ও শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ করেছেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন