কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিপ্লবের সঙ্গে তাল মিলিয়ে দেশের শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববী হাজ্জাজ।
তিনি বলেন, বিশ্ব দ্রুত বদলে যাচ্ছে। এআইয়ের কারণে অনেক চাকরি হারিয়ে যাচ্ছে, আবার নতুন ধরনের কর্মসংস্থানও তৈরি হচ্ছে। তাই সময়োপযোগী বিজ্ঞানভিত্তিক শিক্ষা ছাড়া ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব নয়।
শুক্রবার রাজধানীর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-তে আয়োজিত ইসিসিটি-২০২৬ আন্তর্জাতিক কনফারেন্স-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ববী হাজ্জাজ বলেন, “আজ আমরা আরেকটি বিপ্লবের মধ্য দিয়ে যাচ্ছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রেভল্যুশন। এআইয়ের কারণে অনেক প্রচলিত কাজ অপ্রয়োজনীয় হয়ে যাচ্ছে। কিন্তু একই সঙ্গে নতুন নতুন কাজও সৃষ্টি হচ্ছে। আমাদের শিক্ষার্থীদের সেই নতুন বাস্তবতার জন্য প্রস্তুত করতে হবে।”
তিনি বলেন, “একসময় ইন্ডাস্ট্রিয়াল রেভল্যুশনের কারণে বহু পেশা হারিয়ে গিয়েছিল। আবার ইন্টারনেট বিপ্লবও কর্মক্ষেত্রে বড় পরিবর্তন এনেছে। এখন এআই সেই পরিবর্তনকে আরও দ্রুততর করছে।”
দেশের শিক্ষা ব্যবস্থাকে বাস্তবমুখী করার ওপর জোর দিয়ে তিনি বলেন, “আমরা চাই, ভবিষ্যতে কোনো শিক্ষার্থী যেন না বলে ‘আমি অংক ভয় পাই’। বরং তারা যেন অংক ও বিজ্ঞানকে আনন্দের সঙ্গে গ্রহণ করে।”
এ লক্ষ্যেই প্রাথমিক স্তর থেকে ম্যাথ অলিম্পিয়াড এবং মাধ্যমিক স্তরে সায়েন্স অলিম্পিয়াড চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।
ববী হাজ্জাজ আরও বলেন, “আমরা এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে শিক্ষার্থীরা শুধু ডিগ্রি নয়, দক্ষতাভিত্তিক ক্যারিয়ার গড়ে তুলতে পারবে। বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর নতুন বিশ্বে টিকে থাকতে হলে আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।”
কনফারেন্সে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও প্রযুক্তিবিদরা অংশ নেন।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন