ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অত্যন্ত ঘরোয়া পরিবেশে তার বিয়ের আকদ সম্পন্ন হয়।
বিয়েতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ছাড়াও উপস্থিত ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আকদ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং ডাকসুর প্রতিনিধিরা অংশ নেন। আকদ শেষে ডা. শফিকুর রহমানসহ অন্যান্যরা শহীদ ওসমান হাদীর কবর জিয়ারত করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।
সাদিক কায়েমের স্ত্রী আনিকা ফারদিন ফরায়েজি পেশায় একজন চিকিৎসক। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। তিনি রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আয়ুব আলী ফরায়েজি এবং রুকসানা পারভীন আসমার মেয়ে।
আকদ শেষে সন্ধ্যার পর রাজধানীর শাহবাগে অবস্থিত শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বিয়ের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রিত হওয়ার কথা রয়েছে।
এদিকে, ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ের খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রসংগঠনের নেতাকর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। অনেকেই নবদম্পতির সুন্দর ও সুখী দাম্পত্য জীবনের জন্য শুভকামনা প্রকাশ করেছেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন