বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মামুন অর রশিদ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১৪, ২০২৬, ০৬:০৮ পিএম
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মামুন অর রশিদ

চলমান অস্থিরতা ও প্রশাসনিক সংকটের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. মামুন অর রশিদ। তিনি বর্তমানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়–এর ওশানোগ্রাফি অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্বে তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সপ্তম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৩ (সংশোধিত) এর ১০(১) ধারা অনুযায়ী তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত-যেটি আগে ঘটবে-তিনি উপাচার্যের দায়িত্ব পালন করবেন।

দায়িত্ব পালনকালে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

এম জি