প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১৪, ২০২৬, ০৮:৫৯ পিএম
প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আনিসুর রহমানের নিয়োগের আদেশ কয়েক ঘণ্টার ব্যবধানে বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। 

বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত নতুন প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার একই দিনে জারি করা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সম্পর্কিত পূর্ববর্তী দুটি আদেশ (স্মারক নম্বর ২০৬ ও ২০৭) বাতিল করা হয়েছে।

এর আগে একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমানকে বেরোবির সপ্তম উপাচার্য হিসেবে আগামী ৪ বছরের জন্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

তবে নিয়োগের কয়েক ঘণ্টার মাথায় শিক্ষা মন্ত্রণালয় নতুন প্রজ্ঞাপন জারির মাধ্যমে সেই নিয়োগ প্রক্রিয়াটি বাতিল ঘোষণা করে। আকস্মিক এই সিদ্ধান্তের কারণ সম্পর্কে প্রজ্ঞাপনে বিস্তারিত কিছু জানানো হয়নি।

জেএইচআর