ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারে প্রশাসনের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শুক্রবার গভীর রাতে শতাধিক ছাত্রী নতুন করে আন্দোলনে নামেন এবং উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রী হল থেকে মিছিল বের করে আন্দোলনকারীরা ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। পরে তারা উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেন। সকাল পর্যন্ত তাদের এই কর্মসূচি চলতে দেখা যায়।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, ৫১ ব্যাচের এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দিয়েছিল প্রশাসন। কিন্তু নির্ধারিত সময় পার হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। এতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও নিরাপত্তাহীনতা আরও বেড়েছে বলে দাবি তাদের।
শিক্ষার্থীরা জানান, শুধু অভিযুক্তের গ্রেপ্তার নয়, ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় প্রক্টর এবং প্রক্টরিয়াল বডির সদস্যদেরও পদত্যাগ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
অবস্থান কর্মসূচির সময় উপাচার্যের সঙ্গে শিক্ষার্থীদের একাধিকবার তর্ক-বিতর্কের ঘটনাও ঘটে। এ সময় আন্দোলনকারীরা উপাচার্যের বাসভবনের দেয়ালে ‘প্রশাসন ব্যর্থ’ লিখে প্রতিবাদ জানান। পাশাপাশি বিভিন্ন প্রতীকী কর্মকাণ্ড ও খেলাধুলার মাধ্যমে প্রক্টরের পদত্যাগের দাবি তুলে ধরেন তারা।
এর আগে গত ১৪ মে ভোররাতে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের কাছে ছয় দফা দাবি তুলে ধরে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন শিক্ষার্থীরা।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন