রাজধানীতে চলমান আন্দোলনের মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নতুন করে আলটিমেটাম দিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। তারা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং সাম্প্রতিক বক্তব্যের জন্য জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। একই সঙ্গে পরীক্ষা সংক্রান্ত একাধিক দাবিও পুনর্ব্যক্ত করেছেন তারা।
মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন এ ঘোষণা দেন। তিনি বলেন, শিক্ষামন্ত্রীর ‘অসংগতিপূর্ণ’ বক্তব্য শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি করেছে। তাই নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগের পাশাপাশি তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
শিক্ষার্থীদের পক্ষ থেকে আরও দাবি জানানো হয়, গত ১৩ জুলাই প্রতিকূল পরিবেশের কারণে যারা পরীক্ষা দিতে পারেননি কিংবা চরম দুর্ভোগের মধ্যে পরীক্ষা দিতে বাধ্য হয়েছেন, তাদের স্বার্থ বিবেচনায় ওই দিনের পরীক্ষা পুনরায় আয়োজন করতে হবে। পাশাপাশি আগামীকালের নির্ধারিত পরীক্ষা স্থগিত করে নতুন সময়সূচি প্রকাশেরও দাবি জানান তারা। এছাড়া ভবিষ্যৎ পরীক্ষার প্রশ্নপত্র শিক্ষার্থীবান্ধব মানদণ্ডে প্রণয়ন করার আহ্বানও জানান আন্দোলনকারীরা।
এর আগে বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে হয়।
অবস্থান কর্মসূচির সময় শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের অভিযোগ, সকাল থেকে ধারাবাহিকভাবে আন্দোলন চললেও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিনিধি তাদের সঙ্গে আলোচনায় বসেননি বা দাবি নিয়ে আনুষ্ঠানিক কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন