বর্ণাঢ্য আয়োজনে নজরুল বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মো. সাইফুল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৯:২৯ পিএম
বর্ণাঢ্য আয়োজনে নজরুল বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকালে নতুন প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ। বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

পরে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. মাহাবুবুর রহমান বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে ডা. মাহাবুবুর রহমান বলেন, “এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ জমিদাতা ও সংশ্লিষ্ট সবার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমরা এ বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্বমানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে চাই।”

উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে নতুন প্রশাসনিক ভবনের পাশে অতিথিরা বৃক্ষরোপণ করেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২০ পাউন্ডের কেক কেটে আনন্দ ভাগাভাগি করেন উপস্থিত অতিথিরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগের প্রফেসর মো. তানজিল হোসেন।

এম জি