যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নতুন কোষাধ্যক্ষ (ট্রেজারার) হিসেবে নিয়োগ পেয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।
বৃহস্পতিবার (২৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১৩(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসানকে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ—যেটি আগে হবে, সে পর্যন্ত কার্যকর থাকবে।
এ ছাড়া, ২৭ ডিসেম্বর ২০২০ তারিখের ২৬৭ নম্বর প্রজ্ঞাপন অনুযায়ী তিনি মাসিক সম্মানী পাবেন। বিধি অনুযায়ী পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধি অনুযায়ী নির্ধারিত দায়িত্ব পালনের পাশাপাশি উপাচার্য কর্তৃক অর্পিত দায়িত্বও তিনি পালন করবেন। প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
নিয়োগের বিষয়ে অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, যবিপ্রবিতে নিয়োগের চিঠি পেয়েছি। কবে যোগদান করব, তা এখনই নির্দিষ্ট করে বলতে পারছি না। তবে যত দ্রুত সম্ভব দায়িত্ব গ্রহণ করব।
উল্লেখ্য, অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান হাবিপ্রবির বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর হাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন