২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আব্দুল খালেক।
সোমবার (২৭ জুলাই) ফল প্রকাশের তারিখের বিষয়টি নিশ্চিত করেন তিনি। এর আগে নির্ধারিত সময় অনুযায়ী ২০ জুলাই ফল প্রকাশের কথা থাকলেও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়।
গত ১৮ জুলাই বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছিলেন, ২০ জুলাই এসএসসির ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তবে জুলাই মাসের মধ্যেই ফল প্রকাশের জন্য প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছিলেন তিনি।
এর আগে গত ৮ জুন সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশ করা হবে। এ জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছিল।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। এরপর পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়।
এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয় ১৮ লাখ ৫৭ হাজারের বেশি পরীক্ষার্থী। আগামী ১০ আগস্ট এসব পরীক্ষার ফল একযোগে প্রকাশ করা হবে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন