নির্বাচন ব্যবস্থায় অতীতের ভুল ও বিতর্ক কাটিয়ে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন করা এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
তিনি বলেন, “অতীতের কলঙ্ক মুছতে হলে একটি ভালো নির্বাচনের বিকল্প নেই।”
সোমবার সকালে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লা এর সম্মেলন কক্ষে নির্বাচন কমিশন সচিবালয় আয়োজিত ‘ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নির্বাচন কমিশনার আরও বলেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মাঠ পর্যায়ের নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তা-কর্মচারীকে সাহস এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একক প্রচেষ্টায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কর্মকর্তাদের সমন্বিত ভূমিকা অপরিহার্য।
প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্যে তিনি বলেন, “ভোটের দিন নিরপেক্ষতা ও সততা বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। কোনো চাপ, ভীতি বা প্রভাবের কাছে নতিস্বীকার করা যাবে না।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব আব্দুল হালিম খান, কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার, জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, কুমিল্লা কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মো. ফারুক হোসেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম এবং জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ হাবিবুর রহমান।
কর্মশালায় কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার সহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন