ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) যদি পক্ষপাতমূলক আচরণ করে, তবে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার বিকেলে আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ হুঁশিয়ারি দেন।
নাহিদ ইসলাম বলেন, আমরা আমাদের প্রার্থীর ভোট সংক্রান্ত আরপিও সংশোধনকে স্বাগত জানাই। তবে সেই সংস্কার বাতিলের জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে, যা আমরা নিন্দা জানাচ্ছি। এটি নিয়েও আদালতের রিট ব্যবহারের চেষ্টা করা হচ্ছে। আমরা আইনের আওতায় ইসিকে লড়াই করতে বলেছি।
তিনি বলেন, কালো টাকা ব্যবহারের বিষয়ে নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নেবে বলে আমরা আশা করি। তবে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে প্রশাসনের পরিবর্তন ও রাজনৈতিক প্রভাবের বিষয়টি ইসিকে খেয়াল রাখতে হবে।
নাহিদ গণভোটের প্রক্রিয়ায় সঠিক প্রচারণারও অনুরোধ জানান। তিনি বলেন, প্রশ্ন ও ভোট সংক্রান্ত বিভ্রান্তি এড়াতে আগে থেকেই জনগণকে সঠিকভাবে সচেতন করতে হবে।
রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় সব দলের প্রস্তুতির সুবিধার্থে যথাযথ সময়ে তফসিল ঘোষণার আহ্বানও জানান তিনি।
এর আগে সিইসির সঙ্গে বৈঠক করেন নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের এনসিপি প্রতিনিধি দল। এ সময় দলটি শাপলা প্রতীকে ইসির নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন