মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এতে গুরুতর আহত আরও ২ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৩ জানুয়ারি) ভোর ৫টায় কাতারের আল শামাল হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
কাতারে বাংলাদেশ দূতাবাসের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
প্রবাসীদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ২ জন মারা যান। শনিবার (১৪ জানুয়ারি) স্থানীয় দোহা হামাদ হাসপাতালে গুরুতর আহত আরও ২ জনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে মোহাম্মদ শাকিল ও মোহাম্মদ ইউসুফ মাতব্বরের বাড়ি নারায়ণগঞ্জে। আর মোহাম্মদ রাহাতের বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এবং মোহাম্মদ সিরাজুল ইসলামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।
নিহত ৩ জনের মরদেহ স্থানীয় দোহা হামাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। রাহাতের মরদেহ শনিবার কাতারের আবু হামুর কবরস্থানে দাফন করা হয়েছে।
গুরুতর আহত মোহাম্মদ জামাল উদ্দিন ও হাবিবুর রহমান হামাদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের বাড়ি নারায়ণগঞ্জে।
কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মুহাম্মদ মুস্তাফিজুর রহমান জানিয়েছেন, নিহত তিনজনের মরদেহ দ্রুত দেশে পাঠানো হবে।
কেএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন