জেদ্দায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কুমিল্লার জিহাদ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৮:০০ এএম
জেদ্দায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কুমিল্লার জিহাদ

সৌদি আরবে কর্মরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কুমিল্লার এক তরুণ প্রবাসী। নিহত জিহাদ মজুমদার (২৫) সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ রামপুর এলাকার বাসিন্দা এবং মরহুম ইসহাক মজুমদারের ছেলে।

শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১১টার দিকে সৌদি আরবের জেদ্দা শহরে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্র জানায়, কর্মস্থলে যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা জানান, প্রায় দুই বছর আগে পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় সৌদি আরবে পাড়ি জমান জিহাদ। সেখানে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন তিনি। তার উপার্জনের ওপরই অনেকটা নির্ভরশীল ছিল পরিবারের সদস্যরা।

দুর্ঘটনার খবর দেশে পৌঁছানোর পর পরিবারে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। স্থানীয়রাও জানান, জিহাদ ছিলেন পরিশ্রমী ও ভদ্র স্বভাবের একজন তরুণ। পরিবারের স্বপ্ন পূরণে নিরলস পরিশ্রম করলেও সেই স্বপ্ন আর বাস্তবায়ন হলো না।

তার অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করা হয়েছে।

এএন