আবু সাঈদ হত্যা মামলার আসামি পুলিশ কর্মকর্তা ভারতে গ্রেপ্তার

পশ্চিমবঙ্গ প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ০৮:৫৭ পিএম
আবু সাঈদ হত্যা মামলার আসামি পুলিশ কর্মকর্তা ভারতে গ্রেপ্তার

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের সময় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হয়েছেন বাংলাদেশ পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা মো. আরিফুজ্জামান। তিনি জুলাই মাসের গণঅভ্যুত্থানে রংপুরে গুলিতে নিহত আবু সাঈদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বলে জানা গেছে।

রোববার তাকে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় বলে ভারতীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে।

বিএসএফ জানায়, শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে নিয়মিত টহলের সময় সীমান্ত অতিক্রম করতে গিয়ে সন্দেহজনকভাবে আরিফুজ্জামানকে আটক করা হয়। পরে তার কাগজপত্র থেকে তিনি বাংলাদেশ পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা বলে নিশ্চিত হওয়া যায়।

আটক আরিফুজ্জামানের বাড়ি নীলফামারী জেলায়। শেখ হাসিনা সরকারের সময়ে তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) হিসেবে দায়িত্বে ছিলেন বলে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে।

তথ্য অনুযায়ী, গত ১৪ অক্টোবর থেকে তিনি বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ কারণে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় এবং তখন থেকেই তিনি পলাতক ছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আরিফুজ্জামান রংপুর মেট্রোপলিটন পুলিশের এএসপি পদে দায়িত্ব পালন করেন। পরে তাকে ময়মনসিংহের মুক্তাগাছায় বদলি করা হয়। সেখানে ১৩ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালনের পর তিনি আর কর্মস্থলে যোগ দেননি।

গত শনিবার সন্ধ্যায় তিনি কাকডাঙ্গা সীমান্ত হয়ে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্ত চৌকির কাছে প্রবেশের চেষ্টা করলে বিএসএফ তাকে আটক করে। পরে ওই রাতে তাকে স্বরূপনগর থানায় হস্তান্তর করা হয়।

স্বরূপনগর থানার পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, শেখ হাসিনা সরকারের পতনের পর এবং ড. মুহাম্মদ ইউনূস সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে আরিফুজ্জামান সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় আত্মগোপনে ছিলেন। জীবন বাঁচানোর জন্য তিনি ভারতে প্রবেশের চেষ্টা করেছিলেন।

পরবর্তীতে স্বরূপনগর থানার পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে রোববার বসিরহাট মহকুমা আদালতে হাজির করে।

ইএইচ