দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি খুন: দোকানের ফ্রিজে মিলল লাশ

প্রবাস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৫, ১২:২০ পিএম
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি খুন: দোকানের ফ্রিজে মিলল লাশ

দক্ষিণ আফ্রিকার উইটব্যাংকে নির্মমভাবে খুন হয়েছেন প্রবাসী ব্যবসায়ী কাজী মহিউদ্দিন পলাশ (৩৬)।

নিখোঁজের তিন দিন পর বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ফ্রিজ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় স্থানীয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। তারা হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন।

দক্ষিণ আফ্রিকা পুলিশ জানিয়েছে, পলাশকে তার দোকানের মালাউই নাগরিক এক কর্মচারী হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করে। পরে মরদেহ ফ্রিজে লুকিয়ে রেখে পালিয়ে যায়। হত্যার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে, তাকে ধরতে অভিযান চালানো হচ্ছে।

নিহত কাজী মহিউদ্দিন পলাশ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গাবুয়া গ্রামের মরহুম কাজী আমিনুল উল্যাহর ছেলে। তিনি দুই সন্তানের জনক।

পলাশের ভাই পল্লী চিকিৎসক কাজী আলমগীর জানান, প্রায় ১৪ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা পরিচালনা করছিলেন পলাশ। তার মালাউই কর্মচারীই হাতুড়ি দিয়ে আঘাত করে তাকে হত্যা করে এবং মরদেহ ফ্রিজে লুকিয়ে রাখে। তিন দিন ধরে কোনো খোঁজ না মেলায় পুলিশ তদন্ত শুরু করে। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যার বিষয়টি উদঘাটন করে। তবে অভিযুক্ত এখনও পলাতক।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের স্বপ্ন পূরণের লক্ষ্যে ১৪ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি দেন কাজী মহিউদ্দিন পলাশ। তার স্ত্রী ও দুটি ছোট সন্তান রয়েছে। তার মৃত্যুতে পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে পরিবার।

ইএইচ