মালয়েশিয়ায় পৃথক দুই অভিযানে বাংলাদেশিসহ ১৭১ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
বৃহস্পতিবার ভোরে কুয়ালালামপুর ও জোহর বাহরুতে অভিযান চালানো হয়।
কুয়ালালামপুর ইমিগ্রেশন পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ জানান, আটককৃতদের মধ্যে ৮১ জন পুরুষ ও ৪৪ জন নারী রয়েছেন।
তাদের বয়স ১৬ থেকে ৭০ বছরের মধ্যে। তারা মিয়ানমার (৬৯), ভারত (২৫), পাকিস্তান (১৪), ইন্দোনেশিয়া (১২) এবং বাংলাদেশ (৫) থেকে এসেছেন।
তিনি বলেন, স্থানীয়দের অভিযোগ ও দুই সপ্তাহের নজরদারির পর এই অভিযান পরিচালনা করা হয়। মোট ৬৪টি ইউনিটে অভিযান চালিয়ে ৪০০ জনের পরিচয় যাচাই করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র না থাকা বা ভিসার মেয়াদোত্তীর্ণ থাকার অভিযোগ রয়েছে।
এছাড়া বুধবার রাতে জোহরের উলু তিরম এলাকায় ‘অপস সাপু’ অভিযানে আরও ৪৬ জনকে আটক করা হয়। এদের মধ্যে রয়েছেন ১৩ জন ইন্দোনেশীয় পুরুষ, ১০ জন নারী, ১২ জন মিয়ানমার থেকে আগত পুরুষ, ৪ জন নারী, ৪ জন বাংলাদেশি পুরুষ, ১ জন নেপালি এবং ২ জন ইন্দোনেশীয় শিশু (বয়স ২ থেকে ৬ বছর)।
জোহর ইমিগ্রেশন পরিচালক দাতুক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস জানান, আটককৃতদের ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে এবং অভিবাসন আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন