নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় আসবে ৯ মে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৯:৩৭ এএম
নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় আসবে ৯ মে
নাহিদা সুলতানা বৃষ্টি

যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির (২৭) মরদেহ আগামী ৯ মে ঢাকায় পৌঁছাবে। মঙ্গলবার (৫ মে) মধ্যরাতে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাস সূত্রে জানা গেছে, ৭ মে রাত ৮টা ৫০ মিনিটে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইট (EK 0220) যোগে মরদেহ প্রথমে দুবাই নেওয়া হবে। পরে সেখান থেকে EK 0582 ফ্লাইটে ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

মরদেহ দেশে পাঠানোর পুরো প্রক্রিয়াটি মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট তত্ত্বাবধান করছে। এ বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় করছে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শক্রমে।

এদিকে, আজ বুধবার (৬ মে) দুপুর ২টায় ফ্লোরিডার টাম্পায় বৃষ্টির জানাজা অনুষ্ঠিত হবে। এতে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশ নেবেন।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী, জামিল আহমেদ লিমন (২৭) ও নাহিদা সুলতানা বৃষ্টি (২৭) নিখোঁজ হন। পরদিন তাদের এক বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করেন।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে লিমনের রুমমেট, মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করে পুলিশ। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের তথ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদের পর ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ সংলগ্ন এলাকা থেকে একটি ব্যাগের ভেতর লিমনের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এএন