ইসরায়েলি ড্রোন হামলায় আরও এক বাংলাদেশি নিহত

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০২:৩৭ এএম
ইসরায়েলি ড্রোন হামলায় আরও এক বাংলাদেশি নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে চলমান সংঘাতের ভয়াবহতায় আরও এক বাংলাদেশি প্রবাসীর প্রাণহানি ঘটেছে। ইসরায়েলি ড্রোন হামলায় এবার সাতক্ষীরার কলারোয়া উপজেলার শুভ কুমার দাস (২৮) নিহত হয়েছেন। এ নিয়ে গত কয়েক দিনের ব্যবধানে লেবাননে হামলায় সাতক্ষীরা জেলার মোট তিনজন রেমিট্যান্সযোদ্ধা প্রাণ হারালেন।

সোমবার ১১ মে রাতে লেবাননের মাইফাদুন এলাকায় ড্রোন হামলার শিকার হন শুভ কুমার দাস। মঙ্গলবার ১২ মে সন্ধ্যায় পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হলেও সরকারিভাবে এখনও আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন স্বজনরা।

নিহত শুভ কুমার দাস কলারোয়া উপজেলার শ্রীপ্রতিপুর গ্রামের সুরঞ্জন দাসের ছেলে। তিন বছর আগে পরিবারের অভাব দূর করতে লেবাননে পাড়ি জমান তিনি। সেখানে একটি বাগানবাড়ি দেখাশোনার কাজ করতেন এবং নিয়মিত অর্থ পাঠিয়ে পরিবারের দায়িত্ব পালন করছিলেন। তার অকাল মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

একই দিনে লেবাননের নাবাতিহ জেলায় পৃথক হামলায় সাতক্ষীরার আরও দুই প্রবাসী নিহত হয়েছেন। তারা হলেন-সদর উপজেলার শফিকুল ইসলাম (৪০) এবং আশাশুনি উপজেলার মো. নাহিদুল ইসলাম (২০)। বৈরুতে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, সোমবার দুপুরে নিজ নিজ আবাসস্থলে অবস্থানকালে বিমান হামলায় তারা নিহত হন। শফিকুল ইসলাম মাত্র দুই মাস আগে বড় স্বপ্ন নিয়ে লেবাননে গিয়েছিলেন।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল জানিয়েছেন, জেলার তিনজন রেমিট্যান্সযোদ্ধার মৃত্যুতে প্রশাসন গভীরভাবে শোকাহত। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম জানিয়েছেন, নিহত শুভ কুমার দাসের মরদেহ দেশে ফিরিয়ে আনতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সমন্বয় করা হবে।

এম জি