ঢালিউডের দাপুটে অভিনেতা ও ‘গণমানুষের নায়ক’ খ্যাত চিত্রনায়ক মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৮ সালের এই দিনে মাত্র ৪৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে কোটি ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান তিনি। দেড় যুগের বেশি সময় পার হলেও এখনো দর্শকদের হৃদয়ে তাঁর জনপ্রিয়তা ও আবেদন অম্লান।
১৯৬৪ সালে টাঙ্গাইলে জন্ম নেওয়া আসলাম তালুকদার ১৯৮৪ সালে ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। তাঁর অভিনীত প্রথম সিনেমা ‘তওবা’ হলেও ১৯৯১ সালে ‘কাসেম মালার প্রেম’ দিয়ে তিনি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান। এরপর ‘দাঙ্গা’, ‘ত্রাস’, ‘আম্মাজান’ ও ‘লাল বাদশা’র মতো প্রায় সাড়ে তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠিত করেন।
অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও দারুণ সফল ছিলেন মান্না। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান ‘কৃতাঞ্জলী চলচ্চিত্র’ থেকে ‘লুটতরাজ’, ‘স্বামী-স্ত্রীর যুদ্ধ’ ও ‘আমি জেল থেকে বলছি’র মতো বহু ব্যবসাসফল ছবি নির্মিত হয়েছে। চলচ্চিত্রের উন্নয়নে এবং অশ্লীলতা বিরোধী আন্দোলনে তাঁর বলিষ্ঠ ভূমিকা আজও স্মরণীয় হয়ে আছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন